ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে ইসলামাবাদে বৈঠকে বসছে তিন দেশ – DesheBideshe

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে ইসলামাবাদে বৈঠকে বসছে তিন দেশ – DesheBideshe

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে ইসলামাবাদে বৈঠকে বসছে তিন দেশ – DesheBideshe

ইসলামাবাদ, ২৯ মার্চ – ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক জরুরি বৈঠকে বসছেন তিনটি প্রধান মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ রবিবার সৌদি আরব তুরস্ক ও মিসরের উচ্চপর্যায়ের এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশগুলো এমন এক সময়ে কূটনৈতিক তৎপরতা শুরু করল যখন ইরানে সম্ভাব্য স্থল হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা মোতায়েন করেছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। এর প্রতিবাদে ইরান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। একদিকে যখন কূটনৈতিক সমাধানের জোর চেষ্টা চলছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এদিকে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করে শনিবার আনুষ্ঠানিকভাবে এই লড়াইয়ে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। এখন হুতিরা যদি এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেয় তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। ইসলামাবাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনের কোনো কার্যকর রূপরেখা বেরিয়ে আসে কি না সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।

এস এম/ ২৯ মার্চ ২০২৬



Scroll to Top