আমরা লড়াই করব, টুর্নামেন্ট জিতব: ডেক্লান সুলিভান | চ্যানেল আই অনলাইন

আমরা লড়াই করব, টুর্নামেন্ট জিতব: ডেক্লান সুলিভান | চ্যানেল আই অনলাইন

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানকে হারানোর পর ভারতের বিপক্ষে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবার বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত দুই ভাই ডেক্লান থিওডোর সুলিভান ও রোনান বেঞ্জামিন সুলিভান। আপাতত ডেক্লান সুলিভানের লক্ষ্য লড়াই করে শিরোপা জেতা।

শনিবার ভারতের বিপক্ষে ম্যাচের পর রোববার কঠিন কোনো অনুশীলন করেনি বাংলাদেশ দল। ফুটবলাররা সুইমিং পুলে রিকোভারি সেশনে অংশগ্রহণ করে। পরে বাফুফের ভিডিওবার্তায় ডেক্লান বলেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব, পরের ম্যাচটি জিতব এবং তারপর পুরো টুর্নামেন্টটাই জিতব। এটাই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশের গোলকিপিং কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য। তিনি বলেন, ‘গত দুটো ম্যাচ বিশেষ করে পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে অনেক বড় ম্যাচ গেছে, অনেকটা ধকল গেছে আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড়র ওপর। সুতরাং আজকে আমরা রিকভারি অনুশীলন করছি সাঁতারের মাধ্যমে, স্ট্রেচিং ছিল।’

‘সামনে সেমিফাইনাল ম্যাচ, অনেক বড় একটা ম্যাচ। আমরা চেষ্টা করছি আমাদের দলটাকে একটা ভালো রাখার, মানসিকভাবে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস আমাদের খেলোয়াড়রা তাদের সেরা পারফরম্যান্স করে সেমিফাইনালে নেপালকে হারিয়ে আমরা ফাইনালে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আগামী ১ এপ্রিল সেমিফাইনালে নেপালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে এক জয় ও এক ড্র বাংলাদেশের প্রতিনিধিদের।

Scroll to Top