নড়াইল সদর উপজেলায় ফিলিং স্টেশনে তেল না পাওয়াকে কেন্দ্র করে এক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেলব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার এবং পেড়লী গ্রামের বাসিন্দা। আহত জিহাদুল ইসলামকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, ট্রাকচালক মো. সুজাত তেল নিতে এসে পাম্পে তেল না থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে তার সঙ্গে ম্যানেজার নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকিও দেয়।
স্টেশনের আরেক কর্মী মো. সোহান ইসলাম বলেন, ঘটনার পরও ওই চালক পাম্প এলাকায় অবস্থান করছিল। রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ কাজ শেষে জিহাদুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিলে সুজাত ট্রাক ঘুরিয়ে তাদের পিছু নেয়। পরে সন্দেহ হলে তারা মোটরসাইকেলে পেছনে গিয়ে দেখেন, ট্রাকচালক নাহিদকে চাপা দিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং জিহাদুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান।
নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে হুমকি দিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ট্রাক ও চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।



