বগুড়ার শেরপুরে তিন ট্রাক ও বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত ১৫ – DesheBideshe

বগুড়ার শেরপুরে তিন ট্রাক ও বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত ১৫ – DesheBideshe

বগুড়ার শেরপুরে তিন ট্রাক ও বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত ১৫ – DesheBideshe

বগুড়া, ২৮ মার্চ – বগুড়ার শেরপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই রিজভী পরিবহনের একটি ট্রাক সেখানে চলে আসে। দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলেও পেছন থেকে আসা সবুরা পরিবহনের আরেকটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঠিক একই সময়ে পেছন থেকে আসা ঢাকাগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তিনি দেখেন একের পর এক গাড়ি ধাক্কা খাচ্ছে। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় আরেক বাসিন্দা মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পর তারা দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দেন। পরিস্থিতি তখন খুবই ভয়াবহ ছিল।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে আটকে থাকা যানবাহন সরানোর কাজ চলছে। আপাতত সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬



Scroll to Top