বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারি এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এ আয়োজনে একত্রিত হয়ে স্বাধীনতার ইতিহাস, ত্যাগ ও গৌরবের স্মৃতি স্মরণ করবেন।
অনুষ্ঠানের মূল পর্ব শুরু হওয়ার আগে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা করা হয়। এই পতাকা উত্তোলন কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বিকেলে ক্যালগারির বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজনে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনার আয়োজন করা হয়। এ সময়ে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন সহ বিসিএওসি এর অন্যান্য সদস্যবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপরে গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানটির সমন্বয়ে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক নীলাঞ্জনা রায় এবং যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক তাইফুর ইসলাম।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ১৯৭১ সালের ২৬শে মার্চ বাঙালি জাতি অন্যায় ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতার সংগ্রাম শুরু করেছিল। সেই ঐতিহাসিক দিনের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, দেশপ্রেম ও গর্বের অনুভূতি আরও দৃঢ় করবে।
তাঁরা জানান বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।





