
সাতক্ষীরা, ২৬ মার্চ – সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণার পর তা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ মার্চ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিপন বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু জনসাধারণের নেতিবাচক প্রক্রিয়ার কারণে ফুয়েল কার্ডের নিয়মটি আপাতত স্থগিত করা হয়েছে।
এর আগে বুধবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের জন্য নতুন এক নির্দেশনা জারি করা হয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়েছিল ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। তেল সংগ্রহের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে যাওয়া বাধ্যতামূলক করা হয়। এছাড়া চালককে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা এবং হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছিল। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করার কথা জানানো হয়। পাশাপাশি প্লাস্টিক বোতল বা ড্রামসহ যেকোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয় বিক্রয়ও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।
এনএন/ ২৬ মার্চ ২০২৬





