এবারের স্বাধীনতা দিবস ভিন্নমাত্রায় উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা দিবসে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করা হচ্ছে, যার স্বাধীনতার আহ্বানে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে খালেদা জিয়া শুরু থেকেই গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছেন।
মির্জা ফখরুল বলেন, এবারের স্বাধীনতা দিবস ভিন্নমাত্রায় উদযাপিত হচ্ছে। গত ১৫-১৬ বছর দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দেশের মানুষ দীর্ঘদিন লড়াই করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড তারেক রহমান-এর নতুন চিন্তাধারার ফল। দেশের মানুষ তারেক রহমানের প্রতি আস্থাশীল এবং তিনি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়বেন।



