স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা – DesheBideshe

স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা – DesheBideshe

স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা – DesheBideshe

ঢাকা, ২৫ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি।

বুধবার ২৫ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে কোন কোন সড়ক এড়িয়ে চলতে হবে তার বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয় যে এই অনুষ্ঠান দুটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত অন্যান্য গাড়ি চালকদের কিছু বিশেষ নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে। জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত সড়ক। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড বা আগারগাঁও লিংক রোড, সৈয়দ মাহবুব মোর্শেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং এবং জুলাই স্মৃতি জাদুঘর বা পুরাতন গণভবন ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে বঙ্গভবন কেন্দ্রিক যান চলাচল বন্ধ থাকার তালিকায় রয়েছে আবরার ফাহাদ এভিনিউয়ের জিরোপয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত থেকে গুলিস্তান চত্বর ক্রসিং পর্যন্ত এলাকা। ডিআইটি রোডের গুলিস্তান চত্বর ক্রসিং থেকে রাজউক ক্রসিং, ডিআইটি রোডের দৈনিক বাংলা ক্রসিংয়ের দক্ষিণ প্রান্ত থেকে রাজউক ক্রসিং পর্যন্ত সড়কেও গাড়ি চলবে না। পাশাপাশি ফজলে রাব্বি রোডের শহীদ মতিউর রহমান পার্কের দক্ষিণ পূর্ব প্রান্ত বা আহাদ পুলিশ বক্স থেকে জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

দিলকুশা রোডের অ্যালিকো গ্যাপ, পূবালী ব্যাংক গ্যাপ, পূবালী পেট্রল পাম্প গ্যাপ, সিটি সেন্টার গ্যাপ এবং চব্বিশ তলা গ্যাপসহ রাজউক ক্রসিং গ্যাপ দিয়েও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। ক্রসিংগুলোর ডাইভারশন পয়েন্টগুলোতে যান চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। জাহাঙ্গীরগেট হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত হয়ে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহনসমূহ বিজয়সরণি রাইট টার্ন নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করবে।

মিরপুর দশ নম্বর হতে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী, বিজয়সরণি, ফার্মগেট, ধানমণ্ডি অথবা নিউমার্কেটগামী যানবাহনসমূহ আগারগাঁও লাইট ক্রসিং হতে রাইট টার্ন করে শিশুমেলা দিয়ে মিরপুর রোড হয়ে চলবে। ফার্মগেট বা বিজয় সরণি হতে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে মিরপুর অভিমুখে যাওয়ার পরিবর্তে খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর রোড ব্যবহার করে চলাচল করবে।

এছাড়া ধানমণ্ডি হতে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া বা মিরপুর অভিমুখে যাওয়ার বদলে মিরপুর রোডের টেকনিক্যাল মোড় হয়ে চলবে।

মিরপুর, শ্যামলী ও শিশুমেলা হতে আগত যানবাহনসমূহ বীর উত্তম আজিজুর রহমান সড়ক হয়ে মহাখালী যাওয়ার পরিবর্তে মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউ, খেজুরবাগান, ফার্মগেট ও বিজয় সরণি দিয়ে চলাচল করবে।

এ এম/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top