
চট্টগ্রাম, ২৫ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টা ১৮ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইনসের একটি প্রস্থান ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। তবে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল বলে জানা যায়।
বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং চারটি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট স্থবিরতা এখনো কাটেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিকূল পরিস্থিতিতে মঙ্গলবারের পাঁচটি বাতিল ফ্লাইটসহ মোট ১৭৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএন/ ২৫ মার্চ ২০২৬





