দেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২৪ মার্চ) জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে বিইআরসি এর জরুরি সভায় নতুন এই মূল্য ঘোষণা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ফলে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে, আন্তর্জাতিক রুটে ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে দাম বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিইআরসি এর সভায় পদ্মা অয়েল কোম্পানি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।




