
মৌলভীবাজার, ২৩ মার্চ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে, তবে বিএনপিকে সতর্ক করে তিনি জানিয়েছেন যে তারা সঠিক পথে না ফিরলে তাদের পরিণতিও অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো হতে পারে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় নিজ বাড়িতে গ্রামবাসী ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান স্মরণ করিয়ে দেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থান বেশি দিনের ঘটনা নয়। তিনি বলেন, সারা দেশের মানুষই জুলাইয়ের যোদ্ধা এবং এই সাধারণ মানুষ কোনো অন্যায়কারীকে ক্ষমা করবে না। তিনি স্পষ্টভাবে জানান যে, অতীতে যারা অন্যায় ও অপরাধ করেছে, তাদের যে করুণ পরিণতি হয়েছে, তা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।
রাষ্ট্রের অর্থনীতি ও সাধারণ মানুষের অবদান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নবজাতক শিশু থেকে শুরু করে দরিদ্র মানুষ পর্যন্ত সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় তহবিল গঠনে ভূমিকা রাখে। তাই এই অর্থ আত্মসাৎ বা অপব্যবহার করার অধিকার কারও নেই। অতীতে সরকারে থেকে যারা চাঁদাবাজি ও লুটতরাজ চালিয়েছে, দেশের মানুষ আর তাদের দেখতে চায় না বলেও তিনি মন্তব্য করেন। জামায়াত আমীর বলেন, ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপক যেমন সেটির মালিক নন, তেমনি সরকারও জনগণের সম্পদের মালিক নয়।
সরকার কেবল জনগণের জানমাল ও সম্মানের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে। দায়িত্ব ভুলে গিয়ে সরকার যদি নিজেদের রাষ্ট্রের মালিক ভাবতে শুরু করে, তবে দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না। রাজনীতিতে সততা ও স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ক্ষমতার মোহ বা ব্যক্তিগত বিলাসিতা তাদের লক্ষ্য নয়। জনগণের আমানত রক্ষা এবং রাষ্ট্রের কল্যাণ সাধনই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, তিনি বা তার দলের নেতারা কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা গ্রহণ করবেন না। এমনকি কোনো প্লট বা শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার যে ঘোষণা তারা দিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করেছেন।
চাঁদাবাজির রাজনীতির কঠোর সমালোচনা করে তিনি জানান, তাদের কোনো কর্মী কখনোই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। বিগত নির্বাচনের ফলাফল নিয়ে জনমনে থাকা ক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ ভোট দিয়েছে এক দলকে, অথচ সরকার গঠন করেছে অন্য দল।
এই জালিয়াতির বিষয়টি টিআইবি এবং সুজনের মতো নিরপেক্ষ সংস্থাগুলোও স্পষ্টভাবে প্রমাণ করেছে। সবশেষে ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, মানুষ এখন একটি ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা হবে।
এ এম/ ২৩ মার্চ ২০২৬





