লিগ ম্যাচে মৌসুমের প্রথম দেখায় গত সেপ্টেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৫-২ গোল বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে এবার দারুণ পারফরম্যান্সে বড় হারের ক্ষতে প্রলেপ দিতে পারল তারা। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে জয় তুলেছে রিয়াল। যদিও মাঝে একবার স্প্যানিশ সুপার কাপে দিয়েগো সিমেওনের দলকে হারিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতের ম্যাচে অ্যাটলেটিকোকে ৩-২ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ভিনির জোড়া গোলে সঙ্গে অন্য গোলটি করেছেন ফেদেরিকো ভালভার্দে।
শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনা জোরাল রাখতেও জয়ের বিকল্প ছিল না রিয়ালের। ২৯ ম্যাচ শেষে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
দুই নগর প্রতিদ্বন্দ্বী দলের লড়াই শুরু থেকেই দারুণ জমে ওঠে। ভাগ্য সহায় হলে নবম মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল, কিন্তু ভালভার্দের শট পোস্টে বাধা পায়। তবে ৩৩ মিনিটে আদেমোলা লুকমানের গোলে লিড পায় অ্যাটলেটিকো।
এক গোল পিছিয়ে পড়লেও বিরতির পর দ্রুতই গোল পেয়ে যায় রিয়াল। ডি-বক্সে ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা এবং ৫২ মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন ভিনিসিয়াস। সমতায় ফেরার মিনিট তিনেকের মধ্যে দলকে এগিয়ে নেন ভালভার্দে।
৬৬ মিনিটে অবিশ্বাস্য এক গোলে সমতা টানেন মোলিনা। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি অ্যাটলেটিকোর। দারুণ নৈপুণ্যে ৭২ মিনিটে আবারও দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ১৭তম গোল ব্রাজিলীয় তারকা ভিনির। এর কিছু সময়ই পর প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে পেছন থেকে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন ভালভার্দে।
১০ জনের দল নিয়ে নামা রিয়াল কিছুক্ষণের মধ্যেই গোল খেতে বসেছিল, তবে কোন রকমে রক্ষা পায় তারা। এমনকি বাকি সময়টাও নিজের জাল রক্ষা করতে বেশ বেগ পেতে হয়েছিল।





