নড়িয়ায় ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি, রক্ষা পেলেন শ্রমিকরা – DesheBideshe

নড়িয়ায় ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি, রক্ষা পেলেন শ্রমিকরা – DesheBideshe

নড়িয়ায় ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি, রক্ষা পেলেন শ্রমিকরা – DesheBideshe

শরীয়তপুর, ২০ মার্চ – শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে প্রায় ছয় হাজার ৬০০ বস্তা সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চালকরা।

তবে এই ঘটনায় চালক ও শ্রমিকরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ লঞ্চঘাট এলাকায় একটি এবং বাঁশতলা এলাকায় দুটি ট্রলারডুবির ঘটনা ঘটে।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে ট্রলার তিনটি ঝালকাঠি, ইন্দুরকানী ও গৌরনদীর উদ্দেশে রওনা হয়েছিল। দুপুরে নড়িয়ার পদ্মা নদী এলাকায় পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে নদী উত্তাল হয়ে প্রবল ঝোড়ো হাওয়া ও বড় ঢেউয়ের সৃষ্টি হয়।

পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে ট্রলারের চালকরা দ্রুত তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু উত্তাল ঢেউয়ের আঘাতে একে একে তিনটি ট্রলারই ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারগুলোর চালক হৃদয়, শামীম ও রাকিব জানান, তারা ঢাকা থেকে সিমেন্ট নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিলেন।

হঠাৎ পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। তারা তীরে ভেড়ানোর চেষ্টা করলেও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারগুলো শেষ পর্যন্ত ডুবে যায়। তাদের তিনটি ট্রলারে মোট ছয় হাজার ৬০০ বস্তার মতো সিমেন্ট ছিল। সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেলিম জামান সরকার জানান, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারডুবির বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

ট্রলারগুলোতে সিমেন্ট বোঝাই ছিল। চালক ও শ্রমিকরা নিরাপদে তীরে পৌঁছানোয় কোনো প্রাণহানি ঘটেনি। ট্রলার মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

এ এম/ ২০ মার্চ ২০২৬



Scroll to Top