
চট্টগ্রাম, ১৯ মার্চ – চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টেরিবাজারে অবস্থিত ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে ভবনটির চতুর্থ তলায় অবস্থিত একটি টেইলার্সের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস এবং পটিয়া থানাধীন বোয়ালখালী ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে মো. সোলাইমান।
এছাড়া মোহাম্মদ মামুন নামের ২৮ বছর বয়সী এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সকাল সাড়ে ৯টার দিকে চতুর্থ তলার টেইলার্স থেকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আসার পরপরই এই অগ্নিকাণ্ড ঘটে। টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
যে টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে কর্মচারীদের বেতন এবং বোনাস দেওয়ার জন্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ রাখা ছিল।
এই বিপুল পরিমাণ অর্থ সম্পূর্ণ পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচতলায় শপিংমল, ব্যাংকের শাখা, জুয়েলারি ও টেইলার্সের দোকান রয়েছে এবং ওপরের পাঁচতলায় রয়েছে আবাসিক ফ্ল্যাট।
এ এম/ ১৯ মার্চ ২০২৬





