ব্রাজিলের সিরি আ’তে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে সান্তোস। গোল করেছেন নেইমার জুনিয়র, তাতে লাভ হয়নি দলের। শেষ মিনিটে গোল হজমে হারতে হয়েছে নেইমারের ক্লাবকে।
ঘরের মাঠে ৬১ শতাংশ বল দখলে রেখেও হার দেখতে হয়েছে সান্তোসকে। ম্যাচের ৪৬ মিনিটে জে ইভালদো নিজেদের জালে বল জড়ালে প্রতিপক্ষ লিড পায়। ৫৬ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা, সেখানে থেকে গোল করে সমতায় ফেরান নেইমার। ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে জোহান কার্বোনেরোর গোলে জয় নিশ্চিত হয়ে যায় ইন্টারন্যাসিওনালের।
লিগে বেশ একটা সুবিধাজনক অবস্থানে নেই সান্তোস। ৭ ম্যাচে কেবল এক জয় ও ৩টি করে ড্র এবং হারে ৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে একধাপ উপরে ১৬তম স্থানে আছে ক্লাবটি। লিগে শীর্ষে আছে পালমেইরাস, ৭ ম্যাচে তাদের ৫ জয় ও ১টি করে হার এবং ড্রয়ে পয়েন্ট ১৬। একই সমীকরণে গোলব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাও পাওলো।




