
ঢাকা, ১৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ সহজ করতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কিছু শাখা স্বল্পসংখ্যক জনবল দিয়ে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প ঘন এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো এদিন তাদের কার্যক্রম পরিচালনা করবে।
ব্যাংকের দাপ্তরিক সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং গ্রাহক পর্যায়ে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য একটি স্বল্প বিরতি দেওয়া হবে। বৃহস্পতিবার বেশ কিছু ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা থাকবে। প্রাইম ব্যাংকের আগ্রাবাদ শাখা, নারায়ণগঞ্জ শাখা, সাভারের গণকবাড়ী শাখা এবং গাজীপুরের টঙ্গী শাখা খোলা থাকবে। ইসলামী ব্যাংক বাংলাদেশের আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স করপোরেট, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখা সেবা প্রদান করবে।
সিটি ব্যাংকের জয়পুরহাট, দিনাজপুর, গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দপুর, রাজশাহী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া ও রংপুর শাখা খোলা থাকবে। ব্র্যাক ব্যাংকের মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, চট্টগ্রামের সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি সাতাশ, খুলনার বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা থাকবে। শাহজালাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা খোলা থাকবে।
প্রিমিয়ার ব্যাংকের ঢাকার কাওরান বাজার ও মতিঝিল শাখা ছাড়াও বনানী, গুলশান ও উত্তরা শাখা খোলা থাকবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চন্দ্রা, গুলশান, জুবিলি রোড, নারায়ণগঞ্জ বিসিক, প্রিন্সিপাল শাখা, উত্তরা মডেল টাউন, কুষ্টিয়া, খুলনা, যশোর ও লোহাগড়া শাখা খোলা থাকবে। এনসিসি ব্যাংকের চট্টগ্রামের ও আর নিজাম রোড, মতিঝিল, বারিধারা, সাভার, জয়দেবপুর এবং বাইপাইল শাখা খোলা থাকবে।
এ এম/ ১৮ মার্চ ২০২৬





