চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী শামস সুমনের প্রথম জানাজার নামাজ। মঙ্গলবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করা এই গুণী শিল্পীর বিদায়ে শোকাহত সহকর্মী, ভক্ত ও সংস্কৃতি অঙ্গন।
আজ (১8 মার্চ) বুধবার বেলা ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সহকর্মী, ভক্ত ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা অংশ নেবেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। শোক জানিয়েছে চ্যানেল আই পরিবারও।
শামস সুমন এক সময়ের জনপ্রিয় টেলিভিশন নাটকের অভিনেতা ছিলেন। মঞ্চ থেকে শুরু করে ছোট ও বড় পর্দায় তিনি সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’ এর সদস্য ছিলেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮) এবং হ্যালো অমিত (২০১২)। ২০০৮ সালে স্বপ্নপুরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ঘনিষ্ঠ সূত্র জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।






