মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন, চরম দুর্ভোগে নাবিকরা – DesheBideshe

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন, চরম দুর্ভোগে নাবিকরা – DesheBideshe

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন, চরম দুর্ভোগে নাবিকরা – DesheBideshe

ওয়াশিংটন, ১৭ মার্চ – যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং সর্ববৃহৎ বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে শুরু হওয়া এই আগুন অন্তত ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আগুন এবং ধোঁয়ার কারণে রণতরিতে থাকা বেশ কয়েকজন সেনা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। রণতরির কয়েকজন নাবিক এবং সামরিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রণতরির লন্ড্রি বা কাপড় ধোয়ার স্থানে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল যে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তারা দাবি করেছে এটি কোনো যুদ্ধকালীন বা শত্রুপক্ষের হামলার ঘটনা নয়। অগ্নিকাণ্ডে দুই নাবিক সামান্য আহত হয়েছেন। নৌবাহিনীর দাবি, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগরে মোতায়েন করা এক লাখ টন ওজনের এই রণতরির সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি। তবে ১৩ বিলিয়ন ডলার বা এক হাজার ৩০০ কোটি ডলার মূল্যের এই বিশাল রণতরিতে থাকা প্রায় চার হাজার ৫০০ ক্রু এবং বিমান সেনার বর্তমান অবস্থা চরম অস্বস্তিকর। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা পুরোপুরি হারিয়েছেন।

বাধ্য হয়ে তারা এখন রণতরির টেবিল কিংবা মেঝেতে ঘুমাচ্ছেন। লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই তাদের কাপড় ধুতে পারছেন না। এছাড়া দশ মাস ধরে মোতায়েন থাকা এই রণতরিতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআরের অপর এক প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে রণতরির টয়লেট মেরামতের জন্য বারবার বাইরে থেকে কারিগরি সহায়তা নিতে হয়েছে। পারস্য উপসাগর এবং লোহিত সাগরের সার্বিক দায়িত্বে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে সংবাদমাধ্যম সিএনএন। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরিটি আটলান্টিক, ভূমধ্যসাগর এবং ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

এস এম/ ১৭ মার্চ ২০২৬



Scroll to Top