মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই প্রবাসীরা দেশে ২২০ কোটির বেশি মার্কিন ডলার পাঠিয়েছেন।
সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত মোট ২২০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৮৯৩ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৯২০ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ২৮ লাখ ডলার। বরাবরের মতো বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমেই সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে প্রায় ৪৫ লাখ ডলার।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়। ওই মাসে প্রবাসীরা মোট ৩০২ কোটি ১০ লাখ মার্কিন ডলার দেশে পাঠান, যা দেশীয় মুদ্রায় ৩৬ হাজার কোটি টাকারও বেশি।




