নিয়ম ভঙ্গের ঘটনায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে বড় অঙ্কের জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। পাশাপাশি ক্লাবটির মূল দলের এক বছরের জন্য দলবদলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা দুই বছরের জন্য স্থগিত থাকবে। এছাড়াও ক্লাবের একাডেমির তাৎক্ষণিকভাবে ৯ মাসের দলবদলের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ মালিকানায় থাকতে চেলসি ফুটবল ক্লাব ৭৪টি নিয়ম ভঙ্গ করেছে বলে অভিযোগ এনেছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
সোমবার প্রিমিয়ার লিগ কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘চেলসি ফুটবল ক্লাবের বিরুদ্ধে দুটি আলাদা শৃঙ্খলামূলক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ক্লাবটি স্বেচ্ছায় অতীতের সম্ভাব্য নিয়মভঙ্গের বিষয়গুলো জানানোয় এই তদন্ত শুরু হয়।’
‘একটি স্বাধীন কমিশনের অনুমোদনে দুটি শাস্তিমূলক চুক্তি কার্যকর করা হয়েছে। এর অধীনে প্রিমিয়ার লিগের আর্থিক প্রতিবেদন, তৃতীয় পক্ষের বিনিয়োগ এবং যুব উন্নয়ন সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে চেলসি মোট ১ কোটি ৭৫ লাখ পাউন্ড জরিমানার পাউন্ড জরিমানা মেনে নিয়েছে।’
তদন্তে দেখা গেছে, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে বেশ কিছু হাই-প্রোফাইল খেলোয়াড়- এডেন হ্যাজার্ড, স্যামুয়েল ইতো, উইলিয়ান, রামিরেজ এবং ডেভিড লুইজদের দলবদলের সময় নিবন্ধিত নয় এমন এজেন্ট ও তৃতীয় পক্ষকে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ পাউন্ড গোপন অর্থ দেয়া হয়েছিল। তবে এই অনিয়মের পেছনে খেলোয়াড় বা কোচদের কোন দায় খুঁজে পাওয়া যায়নি।
চেলসির বর্তমান মালিক টড বোহলি ২০২২ সালে ক্লাব কেনার পর নিজেরাই এই আর্থিক অসংগতিগুলো প্রিমিয়ার লিগের কাছে রিপোর্ট করেন। ক্লাব কর্তৃপক্ষের এই সহযোগিতামূলক আচরণের কারণে জরিমানার অংক ২ কোটি পাউন্ড থেকে কমিয়ে আনা হয়। প্রিমিয়ার লিগ জানিয়েছে, চেলসি নিজেরাই এগিয়ে আসায় এবং তথ্য দিয়ে সহায়তা করায় বড় কোনো পয়েন্ট কাটার শাস্তি দেয়া হয়নি।




