
ঢাকা, ১৬ মার্চ – আসন্ন ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’ এর ট্রেলার অন্তর্জালে উন্মুক্ত হয়েছে। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রহস্য, থ্রিল এবং অ্যাকশনের সমন্বয়ে তৈরি এই ট্রেলারে এক অন্ধকার জগতের আভাস মিলেছে যা দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার চরিত্রকে ঘিরে গল্পে মানবিকতা এবং ভয়াবহতার এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়েছে।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে পা রেখেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা গেছে যেখানে রহস্যের পাশাপাশি আবেগের উপস্থিতিও স্পষ্ট। তবে ট্রেলারের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল একেবারে শেষ দিকে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য পর্দায় আবির্ভূত হন টাক মাথা ও শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর খলনায়ক। তার ইশারা ও হাঁটার ভঙ্গি পুরো ট্রেলারের পরিবেশকে আরও রোমাঞ্চকর করে তোলে।
এই খলনায়কের পরিচয় নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। তবে একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, রহস্যময় এই খলনায়ক অন্য কেউ নন বরং সিয়াম আহমেদ নিজেই। প্রস্থেটিক মেকআপের সাহায্যে তাকে সম্পূর্ণ ভিন্নরূপে উপস্থাপন করা হয়েছে। সিনেমাটিতে সিয়াম আহমেদকে দ্বৈত চরিত্রে দেখা যাবে অর্থাৎ তিনিই গল্পের নায়ক এবং মূল খলনায়ক। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটিতে সিয়াম ও সুস্মিতা ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল, সাদনিমা নোমান, শাতাফ ফিগার এবং শ্যাম ভট্টাচার্য্য প্রমুখ। সিনেমাটি সেন্সরের ছাড়পত্রের জন্য সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ার কথা রয়েছে। বড় পর্দায় ‘রাক্ষস’ এর আসল রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
এস এম/ ১৬ মার্চ ২০২৬





