১৫ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত | চ্যানেল আই অনলাইন

১৫ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত | চ্যানেল আই অনলাইন

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বজ্রসহ বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Scroll to Top