আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের ফিরতি যাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
আজ সোমবার (১৬ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৬ মার্চের ট্রেনযাত্রার টিকিট। এর আগে গত শনিবার (১৪ মার্চ) থেকে ঈদযাত্রার ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। সেদিন বিক্রি করা হয় ২৪ মার্চের টিকিট। রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ২৭ মার্চের টিকিট পাওয়া যাবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে।
যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ অথবা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও আসনের শ্রেণি নির্বাচন করে টিকিট অনুসন্ধান করা যাবে।
এরপর নির্দিষ্ট ট্রেনের আসন খালি থাকলে পছন্দের আসন নির্বাচন করে অনলাইনে ভিসা, মাস্টারকার্ড অথবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।
পরে ই-মেইলে পাওয়া টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।




