অস্কারে ভাঙল শতবর্ষের দেয়াল, চিত্রগ্রহণে প্রথম নারী বিজয়ী! | চ্যানেল আই অনলাইন

অস্কারে ভাঙল শতবর্ষের দেয়াল, চিত্রগ্রহণে প্রথম নারী বিজয়ী! | চ্যানেল আই অনলাইন

হলিউডের চলচ্চিত্র ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলেন সিনেমাটোগ্রাফার অটাম ডুরাল্ড আরকাপাও। আলোচিত ছবি ‘সিনার্স’ এর জন্য তিনি জিতেছেন সেরা চিত্রগ্রহণ বিভাগে অস্কার, যা এই বিভাগে কোনো নারীর প্রথম বিজয়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সোমবার (বাংলাদেশ সময়) ভোরে অনুষ্ঠিত ৯৮তম অস্কার আয়োজনে এই সম্মাননা পান তিনি। এর মাধ্যমে অস্কারের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী এই বিভাগে পুরস্কার অর্জন করলেন।

‘সিনার্স’-এর আগে অটাম ডুরাল্ড আরকাপাও এর আগে পরিচালক রায়ান কুগলারের সঙ্গে কাজ করেছিলেন ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ চলচ্চিত্রে।

অস্কারের ইতিহাসে এ বিভাগে মনোনয়ন পাওয়া নারীর সংখ্যা খুবই কম। ডুরাল্ড আরকাপাওসহ এখন পর্যন্ত মাত্র চারজন নারী এই বিভাগে মনোনীত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রাচেল মরিসন (মুডবাউন্ড), অ্যারি ওয়েগনার(দ্য পাওয়ার অব দ্য ডগ) এবং ম্যান্ডি ওয়াকার (এলভিস)।

পুরস্কার গ্রহণের সময় ডুরাল্ড তার বক্তব্যে চলচ্চিত্রটির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে উপস্থিত সব নারীকে দাঁড়াতে অনুরোধ করে বলেন, “আপনাদের সমর্থন না থাকলে আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না।”

এই বিভাগে তিনি পরাজিত করেছেন অন্যান্য শক্ত প্রতিদ্বন্দ্বীদের। অস্কারের আগে ‘সিনার্স’ ছবির চিত্রগ্রহণের জন্য ডুরাল্ড একাধিক সমালোচক পুরস্কার জিতেছিলেন। এছাড়াও তিনি বাফটা,ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড এবং আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফার্স–এর পুরস্কারেও মনোনয়ন পেয়েছিলেন।

Scroll to Top