পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ অভিবাসন এবং জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশের অংশীদারিত্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।
রুশ রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক সম্পৃক্ততার প্রশংসা করেন।
বৈঠকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬-২০২৭ মেয়াদ) সভাপতিত্ব। এ পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে রাশিয়ার সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।



