সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ৫০ ঘণ্টা আলোচনা | চ্যানেল আই অনলাইন

সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ৫০ ঘণ্টা আলোচনা | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যসূচি নির্ধারিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বৈঠকটি জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে কমিটির সদস্য ও সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি, সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে এবং আগামী ৩০ এপ্রিল তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এই অধিবেশনের জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে। বৈঠকে সচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

Scroll to Top