শিকড়ের খোঁজে লন্ডন থেকে বরিশালে অলিভিয়া, আসছে ঈদের নাটক ‘ওগো বিদেশিনী’ – DesheBideshe

শিকড়ের খোঁজে লন্ডন থেকে বরিশালে অলিভিয়া, আসছে ঈদের নাটক ‘ওগো বিদেশিনী’ – DesheBideshe

শিকড়ের খোঁজে লন্ডন থেকে বরিশালে অলিভিয়া, আসছে ঈদের নাটক ‘ওগো বিদেশিনী’ – DesheBideshe

ঢাকা, ১৪ মার্চ – শিকড়ের খোঁজে লন্ডন থেকে বরিশালের জেলে পাড়ায় আসা এক তরুণী অলিভিয়াকে ঘিরে নির্মিত হয়েছে ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশিনী’। রাশেদ সিমান্তের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম। নাটকের কাহিনীতে দেখা যাবে, লন্ডনে বেড়ে ওঠা তরুণী অলিভিয়া তার বাঙালি দাদার হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধানে বাংলাদেশে আসে। সে শুধু জানে তার দাদার নাম ছিল উত্তম কুমার এবং বাড়ি বরিশালের কোনো এক গ্রামে। একটি বেসরকারি সংস্থার সহায়তায় সে বরিশালের এক জেলে পাড়ায় পৌঁছায়।

সেখানে সুজন নামের এক মাঝি যুবক তাকে দাদার বাড়ি খুঁজে পেতে সাহায্য করতে শুরু করে। গ্রামে বিদেশি এক মেয়ে আসায় পুরো এলাকায় ব্যাপক কৌতূহল এবং নানা হাস্যরসাত্মক ঘটনার সৃষ্টি হয়। দাদার খোঁজে গ্রাম থেকে গ্রাম ঘুরতে গিয়ে অলিভিয়া এবং সুজন কয়েকজন ভুয়া দাবিদারের মুখোমুখি হয়। এসব প্রতারক নিজেদের উত্তম কুমারের আত্মীয় বলে পরিচয় দিয়ে তার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত সুজনের বাড়ির একটি পুরনো পারিবারিক ছবিতে অলিভিয়া তার দাদাকে চিনে ফেলে। এরপর সে জানতে পারে ছবির মানুষটির আসল নাম ছিল ফজলু।

বিদেশ যাওয়ার স্বপ্নে তিনি বাড়ি ছেড়েছিলেন এবং প্রিয় নায়ক উত্তম কুমারের নামে নিজেকে পরিচয় দিতেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অমৃতা কবির, মুকিত জাকারিয়া, সাদ্দাম মাল, শফিক খান দিলু, মিলন ভট্র, অদিতি জাহান অথই, স্পর্শিয়া মিম, মাসুম বাশার, আল আমিন, টুনটুনি সোবহান, রিপ্তি জাহান ও সাইকা। নাটকটি প্রসঙ্গে নির্মাতা হিমু আকরাম জানান, এটি মূলত শিকড়ের খোঁজ, পরিচয়ের টান এবং মানুষের আন্তরিকতার গল্প। ভিন্ন সংস্কৃতির দুই মানুষের মাধ্যমে দেখানো হয়েছে ভাষা বা দেশের দূরত্ব থাকলেও মানবিক সম্পর্কই শেষ পর্যন্ত মানুষকে এক করে দেয়। নির্মাতা আরও জানিয়েছেন, আসন্ন ঈদের সাতদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি সম্প্রচার করা হবে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬



Scroll to Top