
রিয়াদ, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়ানোর দায়ে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তারকৃত এসব ব্যক্তির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে বিচারের নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও সম্পূর্ণ মিথ্যা ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন।
এ ধরনের ভিডিও জাতীয় নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে বলে গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, বেশ কিছু ভিডিওতে আকাশপথে হামলা প্রতিরোধের কাল্পনিক দৃশ্য, মাটিতে পড়ে থাকা ক্ষেপণাস্ত্র এবং ভীতসন্ত্রস্ত জনসমাগমের ভুয়া ফুটেজ দেখানো হয়েছে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিস্ফোরণ এবং হামলার মিথ্যা দৃশ্যও তৈরি করা হয়েছিল। অনেক ভিডিওতে শিশুদের আবেগকে ব্যবহার করে দেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এমন একটি ধারণা দেওয়ার অপচেষ্টা চালানো হয়।
এমনকি বিদেশের মাটিতে ঘটা বিভিন্ন ঘটনাকে সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে বলে ভুয়া দাবি করা হয়েছে এসব ভিডিওতে। দেশটির পাবলিক প্রসিকিউশন ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। পাবলিক প্রসিকিউশন কঠোরভাবে জানিয়েছে যে, ডিজিটাল মাধ্যম বা আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো অথবা দেশের সার্বিক নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা নষ্ট করার কোনো অপচেষ্টাই সহ্য করা হবে না।
এস এম/ ১৪ মার্চ ২০২৬





