
ঢাকা, ১৩ মার্চ – সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে দেশের গণপরিবহনগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। জ্বালানি সংকটের অজুহাতে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। শুক্রবার পবিত্র ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রার প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আশ্বস্ত করে বলেন, জ্বালানি ঘাটতির কারণে দেশে পরিবহন সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। আসন্ন ঈদযাত্রার চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রী জানান, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় এক কোটি পঁচিশ লাখ থেকে দেড় কোটি মানুষ রাজধানী ঢাকা ছাড়েন। বিশ্বের খুব কম শহরেই একসঙ্গে এত মানুষের স্থানান্তরের চিত্র দেখা যায়। এত স্বল্প সময়ে বিশাল সংখ্যক যাত্রীর যাতায়াত অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বড় ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ প্রস্তুত রাখা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি ইঞ্জিন যুক্ত হলে রেলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
এস এম/ ১৩ মার্চ ২০২৬





