আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া | চ্যানেল আই অনলাইন

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া | চ্যানেল আই অনলাইন

আইনি ঝামেলায় জড়ালেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এই অলরাউন্ডারের বিপক্ষে জাতীয় পতাকা অবমাননার মতো গুরুতর অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ভারতের পুনে পুলিশের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র জমা দিয়েছেন আইনজীবী ওয়াজিদ খান।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি জমা দেওয়া হয়েছে শিবাজী থানায়। বুধবার থানার এক কর্মকর্তা অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

অভিযোগপত্রে বলা হয়েছে, রোববার আহমেদাবাদের একটি স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপনের সময় পান্ডিয়া নিজের শরীরে ভারতের ত্রিবর্ণ পতাকা জড়িয়ে মাঠে অশোভন আচরণ করেন। ওই ঘটনায় জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এই কাজটি প্রযোজ্য আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

এদিকে টানা দ্বিতীয়বার টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, এটি তার ব্যক্তিগত প্রতিশ্রুতি পূরণের ফল এবং এখান থেকেই দলের আধিপত্যের শুরু। টুর্নামেন্টে পান্ডিয়া ব্যাট হাতে দুই ফিফটিতে ২১২ রান করেন। পাশাপাশি বল হাতেও মোট ৯টি উইকেট নেন।

Scroll to Top