
বগুড়া, ৮ মার্চ – বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, বর্তমান সময়ের ফলাফলের দিকে লক্ষ্য করলে দেখা যায় এসএসসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের রেজাল্ট অনেক ভালো হচ্ছে।
অথচ সংসার জীবনে পদার্পণ করলে এই নারীদেরই বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন করতে হলে প্রথমেই নারী নির্যাতন বন্ধ করতে হবে। নারী ও পুরুষের সমান অধিকার কেবল মুখে বুলি না আউড়িয়ে বাস্তবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।
রোববার সকালে আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংসদ আব্দুল মহিত তালুকদার মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় কোনো মাদক থাকবে না।
একটি পরিবারে একজন সদস্য মাদকাসক্ত থাকলে সেই পুরো পরিবারটি ধ্বংস হয়ে যায়। মাদকের কারণে পরিবারের নারীদের ওপর প্রথম অত্যাচার শুরু হয় এবং তারা স্বামী কিংবা সন্তানের দ্বারা নির্যাতনের শিকার হয়ে থানায় বিচারের জন্য আসেন। নারীদের ভালো ও নিরাপদ রাখতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমান বানু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, দাবীর সহকারী পরিচালক ফিরোজ আল মামুন ও নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা প্রমুখ।
এম ম/ ৮ মার্চ ২০২৬





