
ঢাকা, ৮ মার্চ – সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন-এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে তিনি নিজেই ফোনে কথা বলে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন।
শনিবার রাতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হায়দার হোসেন নিজেই ফোন রিসিভ করে বলেন, “আমি ভালো আছি।”
তিনি বলেন, “আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই না করে এমন খবর ছড়িয়ে পড়াকে তিনি ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন।
বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন একটি সুপরিচিত নাম। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি এবং চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার।
বর্তমানে তিনি সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরোনো গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
এনএন/ ৮ মার্চ ২০২৬





