আগাম ঘোষণা ছাড়াই পলাশ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসকদের অনুপস্থিতিতে ক্ষোভ – DesheBideshe

আগাম ঘোষণা ছাড়াই পলাশ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসকদের অনুপস্থিতিতে ক্ষোভ – DesheBideshe

আগাম ঘোষণা ছাড়াই পলাশ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসকদের অনুপস্থিতিতে ক্ষোভ – DesheBideshe

নরসিংদী, ৭ মার্চ – কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি হাসপাতালটিতে উপস্থিত হন। সকাল ৯টায় অফিস শুরুর নির্ধারিত সময়েও চিকিৎসকসহ অর্ধেকের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত দেখে তিনি সাংবাদিকদের কাছে হতাশা ও দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন, যার মধ্যে ছুটি ও অন্যান্য কারণ ছাড়া ১৬ জন উপস্থিত থাকার কথা। কিন্তু বাস্তবে সরেজমিনে মাত্র আটজনকে পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসকদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top