গত মৌসুমে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। জয়ের উদযাপনে এসেছে নতুন এক ধারা, যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মিয়ামির অর্জনের জন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ছিলেন লিওনেল মেসি ও ইন্টার মিয়ামির পুরো দল।
মিয়ামি অধিনায়ক মেসি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হাতে উপহার তুলে দেন। মেসি, ট্রাম্প এবং ইন্টার মিয়ামির সহ-মালিক জর্জ মাস একসাথে ইস্ট রুমে প্রবেশ করেন। রাষ্ট্রপতির হাতে একটি স্বাক্ষরিত মিয়ামির গোলাপী ফুটবল তুলে দেন মেসি। ট্রাম্প এরপর মাস এবং প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানোর থেকে একটি মিয়ামি জার্সি এবং ঘড়ি উপহার গ্রহণ করেন।
এটি ছিল মেসির প্রথম হোয়াইট হাউসে আসা। ট্রাম্প বলেছেন, ‘আমরা সত্যিকারের প্রতিভাবানদের সম্মান জানাচ্ছি। এটা আমার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয় যে আমি এমনকিছু বলতে পারি যা আগে কখনও বলার সুযোগ পাইনি। আমার ছেলে আমাকে বলেছে, বাবা, তুমি কি জানো আজ কে আসবে? আমি বললাম, না। সে বলল, মেসি।’
‘সে তোমার খুব বড় ভক্ত। সে মনে করে তুমি একজন দুর্দান্ত মানুষ। আর আমার মনে হয় তোমার সাথে একটু আগে দেখা করার কথা ছিল। সে একজন বড় ফুটবল ভক্ত, এবং সে তোমার একজন দুর্দান্ত ভক্ত। আর, রোনালদো নামের একজন ভদ্রলোক। ক্রিশ্চিয়ানো, সেও দুর্দান্ত। তুমিও দুর্দান্ত।’
৬ ডিসেম্বর ফোর্ট লডারডেলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে মিয়ামি ২০২৫ মেজর লিগ কাপ জিতেছিল। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মহাতারকা টানা দ্বিতীয় মৌসুমের জন্য লিগের এমভিপি নির্বাচিত হন।
ট্রাম্প বলেছেন, ‘লিও, তুমি এসেছ এবং তুমি জিতেছ, এবং এটা করা খুবই কঠিন, খুবই অস্বাভাবিক এবং সত্যি বলতে, তোমার উপর অনেকবেশি চাপ রয়েছে যা কেউ জানে না। কারণ তুমি জিতবে বলে আশা করেছিলে। কিন্তু সবাই জিততে পারে না।’
ইন্টার মিয়ামির অন্যান্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে এবং রদ্রিগো ডি পল। মেজর লিগের কমিশনার ডন গার্বার ছিলেন। অবসরপ্রাপ্ত বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ এবং ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাও ছিলেন। সংবর্ধনার পর ট্রাম্প দলটিকে ওভাল অফিসে আমন্ত্রণ জানান।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে খেলাধুলায় সংবর্ধনা একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য। ১৯৯৮ সালে কাপ জয়ের পর ডিসি ইউনাইটেড প্রথম মেজর লিগ দল হিসেবে হোয়াইট হাউস পরিদর্শন করে এবং এলএ গ্যালাক্সি ২০১১, ২০১২ এবং ২০১৪ সালে জয়লাভ করে হোয়াইট হাউসে সফর করে।
২০২৫ সালের জানুয়ারির শুরুতে জো বাইডেন প্রশাসন মেসিকে প্রথম প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু পূর্বের কিছু কাজের কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি।



