১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে শুরু হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। আগামী ১০ মার্চ এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

এর আগে একই দিনে প্রধানমন্ত্রীর বগুড়া সফর করে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসনে উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারত। নিয়মের মধ্যেই থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী বলে দাবি করেন তিনি।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Scroll to Top