মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে কারণ তেহরান তার পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার জোর দাবি করেছিল এবং তারা গর্ব করছিল।
আজ ৩ মার্চ মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, আন্তর্জাতিক নিরীক্ষণ এড়িয়ে ইরান ৪৬০ কেজি ইউরেনিয়াম সঞ্চিত করেছে। যা প্রায় ১১টি পারমাণবিক বোমা তৈরি করতে যথেষ্ট।
এই বিষয়ে উইটকফ ফক্স নিউজকে বলেছেন, জেনেভায় অনুষ্ঠিত আলোচনা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল-
এক. তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বন্ধ করা।
দুই. হিজবুল্লাহসহ সামরিক প্রক্সিগুলোর সমর্থন প্রত্যাহার।
তিন. নৌ শক্তি হ্রাস করে সমুদ্রপথে মুক্ত চলাচল নিশ্চিত করা।
তেহরান দাবি করেছিল, তাদের লক্ষ্য পারমাণবিক সমৃদ্ধকরণ শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের উদ্দেশ্য ছিল সামরিক উদ্দেশ্যে সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া। ইরান সরাসরি জানিয়েছিল যে ৪৬০ কেজি ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধকরণ করা হয়েছে, যা ১১টি পারমাণবিক বোমা তৈরি করার জন্য যথেষ্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ‘ওয়ান-ওয়ে’ ড্রোন হামলা চালায়, যার মধ্যে ছিল আয়াতুল্লাহ খামেনির আবাসস্থল। হামলার কয়েক ঘণ্টার মধ্যে তেহরান থেকে নিশ্চিত করা হয়, খামেনি নিহত হয়েছেন।
ইরান প্রতিশোধ হিসেবে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় এবং পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি সৌদি আরবের একটি তেল শোধনাগার এবং দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও আঘাত হয়।




