বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ | চ্যানেল আই অনলাইন

বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ | চ্যানেল আই অনলাইন

আগামী ১১ মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তার আগে ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে টিম টাইগার্স। ওয়ানডে ফরম্যাটে বিসিএল চলতি আসরে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তরা। জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান বলছেন, পাকিস্তানের সিরিজের আগে বিসিএল আদর্শ প্রস্তুতি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএল ফাইনালে নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। তার আগেরদিন সোমবার অনুশীলন সেরে নিয়েছে দলদুটি। সেন্ট্রাল জোনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলেন সাইফ হাসান। সেখানে জানান এমন।

বলেছেন, ‘আমরা ফাইনালে উঠেছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারবো।’

‘গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি তাও টি-টুয়েন্টির মাঝখানে। এখন ওয়ানডে সিরিজ আছে, অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।’

মিরপুরে ভালো উইকেটের প্রত্যাশা জানিয়ে সাইফ বলেন, ‘বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে কালকে যেহেতু দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলন থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান হিসেবে যদি বলি। তাই ম্যাচটি যেখানেই খেলি না কেন, নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি।’

Scroll to Top