মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীরামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।
সোমবার ২ মার্চ দুপুরে পরিদর্শন শেষে সেবাশ্রমের কার্যকরী পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
সভায় তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণভিত্তিক কাজের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠান সেতুবন্ধনের কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতির সহ-সভাপতি অধ্যাপক দীপশিখা ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (গণমাধ্যম, শিক্ষা ও সংস্কৃতি) শ্রী রাজেশ ভাটিয়া। তিনি তার বক্তব্যে মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল। এ সময় অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার মিশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।




