মেয়েদের এশিয়ান কাপের জয় দিয়ে আসরের শুভসূচনা করেছে সাউথ কোরিয়া। ইরানের মেয়েদের ৩-০ গোলে হারিয়ে প্রথম ম্যাচে জয় তুলে নেয় দলটি। এ জয়ে শুরুতেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে সরিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে কোরিয়া।
সাউথ কোরিয়ার বিপক্ষে ইরানের মেয়েদের ম্যাচটি হয়েছে একপেশে। ম্যাচে কোরিয়া ইরানের জালে মোট ৩০টি শট নিয়েছে যার মধ্যে গোলমুখে শট নিয়েছে ১০টি। বিপরীতে ইরান দুটি শট নিয়েছে এবং সেই দুটিই গোলমুখে। ম্যাচের মোট ৭৯ শতাংশ বল দখলে রেখেছিল সাউথ কোরিয়া এবং বাকি ২১ শতাংশ ছিল ইরানের দখলে।
প্রথমার্ধের ৩৭ মিনিট পর্যন্ত গোল পেতে অপেক্ষা করতে হয়েছে সাউথ কোরিয়াকে। এ সময় গোল করেন চো ইউ রি। পরে ওই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাউথ কোরিয়া। বিরতির পর আরও দুই গোল পায় কোরিয়া। ৫৯ মিনিটে কিম হাই রি পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোল করেন।
৭৫ মিনিটে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পান হাই রি। এরপর কোরিয়া আরও কিছু সুযোগ পেলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি দলটি। পরে ওই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোরিয়া।


