যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইএসএস আব্রাহাম লিংকন’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
এমন দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের এই দাবি সরাসরি অস্বীকার করেছে।
এক টুইট পোস্টে সেন্টকম জানায়, ‘ক্ষেপণাস্ত্রগুলো জাহাজের কাছাকাছিও আসেনি।’
তারা আরও জানায়, ইউএসএস আব্রাহাম লিঙ্কন অক্ষত রয়েছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষায় বিমান অভিযান অব্যাহত রেখেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
ইরানের পাল্টা দাবি
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আইআরজিসি দাবি করে, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানবাহী রণতরীটিতে আঘাত হেনেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলে, স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে।
এছাড়া ইরানের হায়দরাবাদ কনস্যুলেট এক পোস্টে দাবি করেছে, দুবাইয়ের জেবেল আলি নোঙর এলাকায় মার্কিন যুদ্ধজাহাজের জন্য গোলাবারুদ বহনকারী একটি বাণিজ্যিক জাহাজে চারটি ড্রোন আঘাত করেছে এবং জাহাজটি অচল হয়ে পড়েছে।
তারা আরও দাবি করে, কুয়েতের আবদুল্লাহ মুবারক এলাকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন আঘাত করেছে, যেখানে অবকাঠামো ধ্বংস ও বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই মেলেনি।
সেন্টকমের পাল্টা অভিযান
সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর সময় তারা একটি ইরানি জামারান-শ্রেণির করভেট জাহাজে হামলা চালায়। তাদের দাবি, জাহাজটি ওমান উপসাগরের চাহবাহার বন্দরের কাছে ডুবে যাচ্ছে। একই সঙ্গে তারা ইরানি বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানায়।
জাহাজ চলাচলে ক্ষেপণাস্ত্র হামলা
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জাহাজবিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুলনামূলক নতুন প্রযুক্তি। ২০২৩ সালে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ আছে।
এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আজ হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। একটি ওমান উপকূলের কাছে এবং অন্যটি সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে আঘাতপ্রাপ্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি অস্বীকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।




