আজ রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তিনটি সূচকের মধ্যে তিনটিরই পতন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে আজ সূচক ও লেনদেন কমেছে।
আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ৪৬১ দশমিক ৭০ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৭ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ৮৯ দশমিক ৬৫ পয়েন্ট। আজ এই সূচক ২৬ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ২ হাজার ১১৭ দশমিক ৩৭ পয়েন্ট। সূচকটি কমেছে ৫২ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। কমেছে ৩৫৩টি কোম্পানির আর অপরিবর্তিত আছে ৬টি কোম্পানির শেয়ারের দাম। দেখে নেওয়া যাক, আজ মূল্যহ্রাসের শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।



