নওয়াপাড়ায় রোমান জুট মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট – DesheBideshe

নওয়াপাড়ায় রোমান জুট মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট – DesheBideshe

নওয়াপাড়ায় রোমান জুট মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট – DesheBideshe

যশোর, ১ মার্চ – যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে মিলটিতে এই আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মিল কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইলেকট্রনিক জটিলতার কারণে শর্ট সার্কিট হয়ে আগুনের ঘটনা ঘটেছে।

পাটের ব্যাক সাইডে শর্ট সার্কিট হয়ে প্রথমে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়তে শুরু করে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, এখনো সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

ঘটনার পর মিল এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এছাড়া মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ সাদী জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এম ম/ ১ মার্চ ২০২৬



Scroll to Top