
আবুধাবি, ১ মার্চ – আজ রবিবার টানা দ্বিতীয় দিনের মতো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শহর দুবাই, বাহরাইন এবং কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আল আরাবিয়ার প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার সকালে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় দেশটির নাগরিক এবং বাসিন্দাদের শান্ত থেকে নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে এবং ইতিমধ্যে ৩০টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ভোরে তেহরানে নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় নিহত হয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বরাত দিয়ে এই তথ্য প্রচার করা হয়। রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়েছে তেহরানের লিডারশিপ হাউস কমপাউন্ডে হামলার সময় খামেনি সেখানে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাটিকে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে তাঁর মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
এছাড়া ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসির কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানিও নিহত হয়েছেন।
এম ম/ ১ মার্চ ২০২৬





