সরকারে ছিলেন, তবু কেন হলে আনেননি ‘শনিবার বিকেল’? | চ্যানেল আই অনলাইন

সরকারে ছিলেন, তবু কেন হলে আনেননি ‘শনিবার বিকেল’? | চ্যানেল আই অনলাইন

হলি আর্টিজান নিয়ে সিনেমা ‘শনিবার বিকেল’ বানিয়ে বিপাকে পড়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘অজানা কারণ’-এ সিনেমাটির সেন্সর দীর্ঘদিন আটকে রাখে বলে অভিযোগ ছিলো ফারুকীর! এ নিয়ে সরব ছিলেন এই নির্মাতা।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পেলেও ২০২৩ সালের মার্চে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পায় ‘শনিবার বিকেল’। একই বছরের নভেম্বরে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে–এ স্ট্রিমিং হয় ছবিটি।

তবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন দর্শক নন্দিন নির্মাতা ফারুকী। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পান চলচ্চিত্রকার ফারুকী।

নিজে সরকারের অংশ হয়েও তিনি কেন ‘শনিবার বিকেল’ মুক্তির উদ্যোগ নিচ্ছেন না, দায়িত্বে থাকতেই এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই নির্মাতা। ভোটের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসায় বিলুপ্ত হয়েছে অন্তর্বর্তী সরকার। এবার ‘শনিবার বিকেল’ নিয়েও কথা বললেন নির্মাতা ও সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি বলেন,‘শনিবার বিকেল’ কেনো মুক্তি দিচ্ছেন না? অনেকেই মাঝে মধ্যেই আমার উদ্দেশে এই হাওয়াই প্রশ্ন ছুঁড়েছেন গত দেড় বছর। প্রশ্নের মধ্যে এমন একটা ভাব লুকিয়ে রাখা আছে, অ্যাজ ইফ আমি এখন উগ্রবাদ নিয়ে কথা বলতে ভয় পাই। হাহাহা।

এরপরেই ক্ষমতায় থাকতে ‘শনিবার বিকেল’ কেন মুক্তির উদ্যোগ নেননি- এমন প্রশ্নের সরাসরি উত্তর দেন ফারুকী। তিনি লিখেন,“বাস্তবতা হলো ছবিটা সনি লিভে মুক্তি পাওয়ার পর হাজার হাজার অনলাইন লিংক ছড়িয়ে পড়ে। যার দেখার সে দেখে ফেলছে। আর কারো দেখা বাকী থাকলে সে এক সেকেন্ডেই দেখতে পারবে। অনলাইনে অ‍্যাভেইলেবল একটা ছবি সিনেমা হলে কেনো মুক্তি দিচ্ছেন না- এই দাবী একমাত্র তারাই করতে পারেন যারা সিনেমা ব‍্যবসার সাথে জড়িত না।”

ফারুকী বলেন,“বাংলাদেশের বাজারে একটা সুপারহিট ছবিও ডিস্ট্রিবিউশন খরচ বাদ দিলে কত টাকা আয় করে এটা অন্দরমহলের লোক জানে। যেমন, আমাকে কিন্তু এনারা কেউ বলবেন না, ‘ব‍্যাচেলর’ সিনেমা হলে এখন মুক্তি দিচ্ছেন না কেনো? কারণ দেয়ার ইজ নো বিজনেস লেফট।”

“যারা কল্পনায় অনেক কিছু ভাবতে আনন্দ পাচ্ছেন তাদের উদ্দেশে আমার ছোট মন্তব্য- আমি আমার বানানো সকল ছবিই ওউন করি। আগের মতোই ধর্মীয় বা সাংস্কৃতিক (জ্বী ওটাও খুব গুরুত্বপূর্ণ) যে কোনো উগ্রবাদ নিয়ে ছবিও করবো। শিল্পীর ধর্মীয় উগ্রবাদ নিয়ে কথা বলতে যেমন সংকট থাকার কথা না, তেমনি চেতনার নামে শত শত মানুষ গুম-খুনের বিরুদ্ধে কথা বলতেও সংকট থাকার কথা না।” বলেন ফারুকী।

হলি আর্টিজান হামলার ছায়া অবলম্বনে বাংলাদেশ-ভারত-জার্মান ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার ও ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Scroll to Top