
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর এই সাঁড়াশি অভিযানে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত এই দুই থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রমজান ও ঈদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৩০ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে আদাবর থানা এলাকা থেকে একই ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬





