দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এ খারাপ অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরনের জন্য ট্যাক্স বাড়ানো, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান তৈরি করতে হবে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর সাগরপাড়ে মেরিন ড্রাইভের পাশে মুসলিমাবাদে তার নির্বাচনী এলাকা (চট্টগ্রাম-১১ আসন) এ ১১দফার প্রথম কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনীর ১৪ একর জমিতে হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্যতা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরি হবে না। জোর দিচ্ছি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর। স্বাস্থ্য, শিক্ষায় ও পরিবর্তন আনতে হবে। তবে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান।
তিনি বলেন, আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার, তাই করা হবে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চলে কোন হাসপাতাল নেই। এখানে জেনারেল একইসাথে একটি বিশেষায়িত হাসপাতাল, নাসিং ইনস্টিটিউট, টেকনোলজি ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দাবি ছিল হাসপাতাল করার। তাই তাড়াতাড়ি এখানে হাসপাতাল গড়ে তোলা হবে।



