বিশ্বকাপের মাঝে বাবা হারালেন রিঙ্কু সিং | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের মাঝে বাবা হারালেন রিঙ্কু সিং | চ্যানেল আই অনলাইন

বাঁচা-মরার লড়াইয়ে যখন জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত, সেসময় জীবন-মৃত্যু সঙ্গে লড়াই করছিলেন দলটির ব্যাটার রিঙ্কু সিংয়ের বাবা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার ভোরে মারা গেছেন খানচান্দ সিং। বিশ্বকাপ চলাকালীন আগে দলকে ছেড়ে গিয়েছিলেন বাবাকে দেখতে, পরে সময়মতো ফিরেও আসেন রিঙ্কু। এবার শুনলেন দুঃসংবাদ।

উত্তর প্রদেশের মেরুট জেলার গ্রেটার নয়ডার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের মুখপাত্র ডা. সুনীল কুমার জানান, খানচান্দ সিং লিভার ক্যান্সারে ভুগছিলেন। বলেছেন, ‘গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ২১ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল এবং আজ ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।’

বাবার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় রিঙ্কুকে টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঝপথে বাড়ি ফিরতে হয়েছিল। তবে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি আবার দলে যোগ দেন। শেষে ম্যাচে তিনি একাদশে ছিলেন না, তবে বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন।

২৮ বর্ষী তারকা ক্রিকেটার, উত্তর প্রদেশের আলিগড় জেলার বাসিন্দা, তার সাফল্যের পেছনে বাবার অবদান অপরিসীম। আর্থিক সংকট সত্ত্বেও খানচান্দ সিং আলিগড়ে গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খানচান্দ সিংয়ের শেষকৃত্য আলিগড়েই সম্পন্ন হবে এবং রিঙ্কু সেখানে উপস্থিত থাকবেন।

Scroll to Top