আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু পাকিস্তানের – DesheBideshe

আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু পাকিস্তানের – DesheBideshe

আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু পাকিস্তানের – DesheBideshe

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তের অপর প্রান্ত থেকে উসকানিমূলক গুলি চালানোর জবাবে এই পাল্টা অভিযান শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউর সেক্টরের বিভিন্ন স্থানে আফগান তালেবান বাহিনী উসকানিমূলকভাবে গুলি চালায় বলে দাবি করেছে ইসলামাবাদ।

চলমান এই সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের দুইজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের পাল্টা অভিযানে আফগান তালেবানের ৭২ জন যোদ্ধা নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে। এছাড়া আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাবুলে বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।

তিনি দাবি করেন, মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। এছাড়া ১৬টি পোস্ট ধ্বংস এবং সাতটি পোস্ট দখল করে নেওয়া হয়েছে।

জাইদি আরও জানান, একটি বড় গোলাবারুদ ডিপো, একটি ব্যাটালিয়ন সদরদপ্তর এবং একটি সেক্টর সদরদপ্তর ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, ৩৬টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

তিনি উল্লেখ করেন যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে পাকিস্তান বদ্ধপরিকর এবং প্রয়োজন হলে আরও পাল্টা হামলা চালানো হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা ও শান্তি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

শাহবাজ শরীফ আরও বলেন, তাদের বাহিনী যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দিতে সম্পূর্ণ সক্ষম এবং প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস করা হবে না।

পাকিস্তানি তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারারও অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিটি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top