
মুম্বাই, ২৬ ফেব্রুয়ারি – ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি গুরুকুল স্কুলের শিক্ষার্থীদের আবদার ও মান-অভিমানের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় বলিউড কৌতুক অভিনেতা রাজপাল যাদব। জেলবন্দি থাকাকালীন এই শিশুরা নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে প্রিয় অভিনেতাকে সাহায্য পাঠিয়েছিল। কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পর রাজপাল তাদের সঙ্গে দেখা না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজেদের ক্ষোভ প্রকাশ করে তারা।
বিষয়টি নজরে আসার পর অভিনেতা জানিয়েছেন যে তিনি শীঘ্রই এই শিশুদের সঙ্গে দেখা করবেন এবং তাদের ভালোবাসার যোগ্য সম্মান দেবেন। ঘটনার সূত্রপাত হয় যখন রাজপাল যাদব আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় কারাগারে ছিলেন। সেই সময় শাহজাহানপুরের গুরুকুল সেবা ট্রাস্টের প্রায় ৪০ জন শিক্ষার্থী তাদের জমানো টাকা একটি মাটির ব্যাংকে ভরে ডাকযোগে অভিনেতার পৈত্রিক ভিটে কুন্দ্রাতে পাঠিয়ে দেয়। সঙ্গে ছিল একটি আবেগঘন চিঠি যেখানে তারা রাজপালকে জেল থেকে ছাড়া পাওয়ার পর একবার দেখা করার অনুরোধ জানিয়েছিল।
সম্প্রতি জেল থেকে মুক্তির পর অভিনেতা তাদের কোনো খোঁজ না নেওয়ায় একটি ভিডিও বার্তায় শিশুরা অভিমান প্রকাশ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজপাল যাদব। তিনি জানান দীর্ঘ সময় পর বাড়ি ফিরে তিনি এখনো পরিবারের সঙ্গেই ঠিকমতো সময় কাটিয়ে উঠতে পারেননি। কারা কারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই তালিকা তিনি প্রস্তুত করছেন। অভিনেতা আরও জানান তিনি গুরুকুলের ঐতিহ্যে বিশ্বাসী এবং ওই শিশুরা তার নিজের সন্তানের মতো। কোনো ভুল বোঝাবুঝির অবকাশ না রেখে তিনি স্পষ্ট করেন যে খুব দ্রুত তিনি শাহজাহানপুরে গিয়ে ওই শিশুদের সঙ্গে সময় কাটাবেন। উল্লেখ্য ২০১০ সালে নিজের সিনেমার জন্য ঋণ নেওয়া ৫ কোটি রুপি পরিশোধ করতে না পারায় আইনি জটিলতায় জেল খাটতে হয়েছিল এই অভিনেতাকে।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬




