
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – নতুন সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত আছেন। সরকারের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পূর্ণ হওয়ায় আজকের বৈঠকটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর ১৮ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভা বৈঠক হয়। তবে সেদিন দায়িত্ব নেওয়ার প্রথম দিন হওয়ায় নতুন কোনো আইন প্রণয়ন বা নীতিগত অনুমোদনের বিষয় ছিল না। প্রথম বৈঠকটি মূলত পরিচিতি ও প্রাথমিক দিকনির্দেশনার মধ্যেই সীমিত ছিল।
তবে আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বিশেষ করে গত এক সপ্তাহে জনস্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক প্রকল্প—নিয়ে বিস্তারিত আলোচনা ও রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে ইঙ্গিত মিলেছে, প্রশাসনে গতি আনতে আজকের বৈঠকে কয়েকটি নতুন আইনের খসড়া নীতিগত অনুমোদন পেতে পারে। নতুন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই দ্বিতীয় বৈঠকটিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬





